স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ
- আপডেট সময় : ০৮:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর প্রতিদিন ঃ
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলুহা গ্রামের ১.৫ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি আজও পাকাকরণ করা হয়নি। এর ফলে বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীসহ কয়েক হাজার গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, বলুহা গ্রাম থেকে গৌরীপুর-রামগোপালপুর-ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়ককে যুক্ত করা এই সংযোগকারী রাস্তাটি দীর্ঘ সময় ধরে অবহেলিত। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয়রা জানান, গ্রাম থেকে উৎপন্ন কৃষিপণ্য বাজারে নিতে এবং বিশেষ করে গর্ভবতী বা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে তাদের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। বিশেষ করে বর্ষার দিনে কর্দমাক্ত রাস্তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারে না।
গ্রামের বাসিন্দা কিতাব আলী (৭০) জানান, “আমরা স্বাধীনতার ৫৪ বছর ধরে শুধু প্রতিশ্রুতিই শুনে আসছি, কিন্তু আমাদের এই ১.৫ কিলোমিটার রাস্তার কোনো উন্নয়ন হয়নি। প্রধান সড়কটি কাছে থাকলেও এই কাঁচা রাস্তার কারণে আমরা যাতায়াতের সুফল পাচ্ছি না।”
এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন(জনি) জানান, “বলুহা গ্রামের এই রাস্তাটি পাকাকরণ অত্যন্ত জরুরি। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর দ্রুত সংস্কার ও পাকাকরণের জন্য বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন অনুরোধ করছি।”
বলুহা গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, জনস্বার্থ বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও উপজেলা প্রশাসন যেন অবিলম্বে এই গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করেন। রাস্তাটি পাকা হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি চাঙা হবে।













